01/03/2026
আমাদের সমাজে খুব সাধারণ চিত্র হালকা জ্বর, মাঝে মাঝে মাথা ঘোরা, একটু বুক ধড়ফড় করা, বা হালকা ব্যথা এসবকে অনেকেই গুরুত্ব দেন না। এটা তো ছোটখাটো সমস্যা, নিজে নিজেই ঠিক হয়ে যাবে, পরীক্ষা করাতে গেলে অপ্রয়োজনীয় খরচ হবে বা ডাক্তার অযথা টেস্ট দিবেন এসব বলে এড়িয়ে যান। বেশিরভাগ মানুষ তখনই পরীক্ষা করান, যখন রোগ অনেকটাই বেড়ে যায় বা জটিল অবস্থায় পৌঁছে যায়। কিন্তু চিকিৎসা বিজ্ঞানের বাস্তবতা হলো বেশিরভাগ বড় রোগ শুরু হয় খুব ছোট ও সাধারণ লক্ষণ দিয়ে। প্রাথমিক পর্যায়ে রোগ ধরা পড়লে চিকিৎসা সহজ, কম খরচে সম্ভব এবং জটিলতা এড়ানো যায়। বিপরীতে, দেরিতে ধরা পড়লে চিকিৎসা কঠিন, ব্যয়বহুল এবং অনেক ক্ষেত্রে স্থায়ী ক্ষতি হয়ে যেতে পারে।
যেকারণে অল্প সমস্যায়ও টেস্ট গুরুত্বপূর্ণঃ-
✅ ডায়াবেটিস, কিডনি রোগ, থাইরয়েড সমস্যা, লিভারের রোগ, এমনকি কিছু ক্যান্সারও শুরুতে তেমন কোনো বড় লক্ষণ দেয় না। যেমন ডায়াবেটিস শুরুতে শুধু বেশি পিপাসা, ক্লান্তি বা ঝাপসা দেখা দিয়ে শুরু হয়। কিডনি রোগে দীর্ঘদিন কোনো লক্ষণই নাও থাকতে পারে। উচ্চ রক্তচাপ তো Silent killer হিসেবে পরিচিত, কারণ বেশিরভাগ সময় কোনো লক্ষণ থাকে না
পরীক্ষা ছাড়া এগুলো ধরা সম্ভব নয়।
✅ রোগ যত আগে ধরা পড়বে, তত সহজে নিয়ন্ত্রণ করা যায়। প্রাথমিক ডায়াবেটিস খাদ্য নিয়ন্ত্রণ ও জীবনযাত্রার পরিবর্তনে নিয়ন্ত্রণ সম্ভব।
শুরুতেই ধরা পড়া লিভার বা কিডনি সমস্যায় স্থায়ী ক্ষতি হওয়ার আগেই চিকিৎসা করা যায়। প্রাথমিক পর্যায়ে ধরা পড়া ক্যান্সারের চিকিৎসার সফলতার হার অনেক বেশি। দেরিতে ধরা পড়লে জটিল চিকিৎসা বা দীর্ঘমেয়াদি ওষুধ প্রয়োজন হতে পারে।
✅ অনেকে পরীক্ষা না করে ফার্মেসি থেকে ওষুধ নিয়ে খান। এতে আসল রোগ ধরা পড়ে না, ভুল চিকিৎসা হয়, পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে, রোগ জটিল হয়ে যেতে পারে। বিশেষ করে অ্যান্টিবায়োটিক বা ব্যথার ওষুধ অযথা খাওয়া কিডনি ও লিভারের ক্ষতি করতে পারে।
✅ অনেক সময় সাধারণ মনে হওয়া লক্ষণ বড় সমস্যার সংকেত হতে পারে। যেমনবদীর্ঘদিন দুর্বলতা অ্যানিমিয়া, থাইরয়েড সমস্যা, বা ক্রনিক রোগের লক্ষন। বুকের হালকা ব্যথা হৃদরোগের প্রাথমিক লক্ষণ। বারবার প্রস্রাব ডায়াবেটিস বা ইউরিন ইনফেকশনের কারনে হতে পারে। অকারণে ওজন কমা হরমোন সমস্যা বা অন্যান্য গুরুতর রোগের প্রাথমিক লক্ষন হতে পারে। শুধু অনুমান করে বসে থাকলে প্রকৃত কারণ জানা যায় না।
দীর্ঘদিন জ্বর বা দুর্বলতা, অকারণে ওজন কমা বা বেড়ে যাওয়া, বুক ব্যথা বা শ্বাসকষ্ট, বারবার প্রস্রাব বা অতিরিক্ত পিপাসা, শরীর ফুলে যাওয়া, দীর্ঘদিন ব্যথা বা অস্বস্তি, অস্বাভাবিক রক্তপাত, দীর্ঘদিন কাশির মতো উপসর্গগুলোকে কখনোই অবহেলা করবেন না।
ডাঃ মোঃ আবদুল্লাহ ইউসুফ
বিশেষজ্ঞ চিকিৎসক, ইউএসএ