19/09/2022
☰
আজ ১৯ সেপ্টেম্বর আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস। চট্রগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে প্রায়শই সর্প দংশনের রোগী পাওয়া যায়।
তবে সাপে কামড়ালেই যে বিষক্রিয়া হয়, এমন ভাবার কোনো কারণ নেই। কারন অধিকাংশ সাপই বিষহীন । আবার বিষাক্ত সাপের কামড়েও সবসময় বিষ শরীরে ঢুকে না।
সাপে কামড়ানো চিকিৎসার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাপে কামড়ানোর পর থেকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত যথাযথ নিয়ম মেনে রোগীকে প্রাথমিক ব্যবস্থা নিশ্চিত করা।
বিষধর সাপে কামড়ালে এই লক্ষণগুলো থাকবে- দুচোখের পাতা বন্ধ হয়ে আসবে, কামড়ের স্থানে প্রচুর জ্বালা যন্ত্রণা হবে, সব কিছু ঝাপসা দেখবে রোগী, ঢোক গিলতে অসুবিধা হবে, গলা বন্ধ হয়ে আসবে ও শরীর ফুলে ওঠবে। অপরদিকে নির্বিষ সাপের কামড়ে আক্রান্ত স্থানে সামান্য ব্যথা, ফুলে যাওয়া বা অল্প ক্ষত সৃষ্টি হয়ে থাকে। তবে এসব লক্ষণ থাকলেও ঝুঁকি নেওয়া ঠিক নয়, যেকোনো রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত।
সাপে কাটলে প্রাথমিক ভাবে করণীয়
* সাপে কাটলে যথাসাধ্য শান্ত থাকতে হবে। আতঙ্ক বা ভয় হৃদকম্পন বাড়িয়ে দেবে। যদি সাপটি বিষধর হয় তাহলে হৃদকম্পনের কারণে শরীরে দ্রুত বিষ ছড়িয়ে পড়বে।
*সাপে কাটার স্থান বেশি নড়াচড়া করা যাবে না। দৌড়ালে বা খুব দ্রুত হাঁটলে বিষ দ্রুত সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে। যত কম নড়াচড়া হবে তত কম হারে বিষ সারা শরীরে ছড়াবে। তাই সর্বোচ্চ পর্যায়ের শান্ত থাকতে হবে। এমনকি নির্বিষ সাপের কামড়েও শুধুমাত্র হার্ট অ্যাটাকে মৃত্যু হওয়ার ঘটনা অনেক বেশি।
* সাপে কাটলে প্রথমেই আক্রান্ত স্থানের উপরে বাঁধন দেয়ার ব্যাপারটি খুবই গুরুত্বপূর্ণ। যদি পাওয়া যায় তাহলে ক্রেপ ব্যান্ডেজ অথবা চওড়া সুতি কাপড়ের দ্বারা কাজ করতে হবে। একটি লম্বা কাঠ ও কাপড়ের সাহায্যে আক্রান্ত স্থানটি বেঁধে ফেলতে হবে। খুব বেশি শক্ত করে বাঁধা যাবে না, এতে রক্ত চলাচল বন্ধ হয়ে যেতে পারে। এমনভাবে বাঁধতে হবে, যেন আক্রান্ত অঙ্গ ও কাপড়ের মাঝে কষ্ট করে একটি আঙুল ঢোকানো যায়।
* কোনো ধরনের কুসংস্কারমূলক পদক্ষেপ যেমন-হারবাল পেস্ট কিংবা গোবর সাপে কাটা স্থানে লাগানো যাবে না। এতে সেখানে ইনফেকশন বৃদ্ধি পেতে পারে।
* রোগীকে দ্রুত হাসপাতালে পাঠাতে হবে। হাসপাতালে সাপের বিষের প্রভাবপ্রতিরোধী ওষুধ (অ্যান্টিভেনোম) পাওয়া যায়। এটিই বিষধর সাপে কাটা রোগীর জন্য একমাত্র চিকিৎসা।