28/03/2026
#রিপোস্ট
আমি আমাকে কথা দিয়েছি!
কথা দিয়েছি, এ মনের যত কথা সব শুধু আমার রব্বের কাছেই বলবো।
আমি গোপনে গোপনে মনের ব্যথায় নীল হব তবু কোনো মানুষের কাছে গিয়ে বলবো না, "আমার খুব কষ্ট হচ্ছে!"
কারণ আমি আশা রাখি, গোপন কষ্টের মিষ্টতা আমার রব্ব আমাকে বুঝিয়ে দেবেন, অন্তর জুড়ে ছড়িয়ে দেবেন তাঁর ভালোবাসার রঙ। এ যে রঙের সেরা রঙ।
হতাশার অন্ধকারে পথ হারিয়ে যখন কোনো আলো খুঁজে পাবো না তখন আমি সূরাহ দ্বুহা পড়েই ক্ষান্ত হবো তবু কোনো মানুষের কাছে আলো চাইবো না। কারণ আমি জানি, আমার রব্ব ছাড়া কেউ আলো দিতে পারে না।
অবহেলা, অবজ্ঞা আমায় আঘাত করুক। আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত করুক। তবু আমি কারো কাছে কোনো অভিযোগ করবো না।
রাতের অন্ধকারে ইচ্ছেমত কাঁদবো, রব্বের ভালোবাসা মাগবো তবু কোনো মানুষের সহানুভুতি পেতে চাইবো না। আমি আমার স্রষ্টার কাছে চাইবো, দু'হাত পেতে চাইবো, প্রতি প্রয়োজনে চাইবো। চাইতে চাইতে ক্লান্তি আমায় ক্লান্ত করতে পারে, কিন্তু আমার স্রষ্টা কভু ক্লান্ত হন না দিয়ে। তিনি আমায় দেবেন। আমার চাওয়ার চেয়ে অনেক অনেক বেশিই দেবেন।
আমি কাঁদবো, একশোবার কাঁদবো। যিনি আমায় এত নিয়া'মাত দিয়েছেন তাঁর স্মরণে কাঁদবো না? এই তো সেদিন হতাশা আমায় গ্রাস করেছিলো, ধীরে ধীরে আমি হারিয়ে যাচ্ছিলাম অন্ধকারের ভাঁজে। আমার রব্বই আমার অন্ধ দুটি চোখে আলো জ্বেলেছেন। আজ আমি পথ খুঁজে পেয়েছি, খুঁজে পেয়েছি জীবন-মৃত্যুর মানে।
ওরা মরিচীকার পিছে ছুটছে আবার বলছে তাতে নাকি সুখ! আমি আমাকে খুঁজে পেয়েছি, খুঁজে পেয়েছি অন্যরকম সুখে। এই সুখ দামী দামী পোশাকে পাওয়া যায় না, পাওয়া যায় না অট্টালিকার মাঝে। বরং আমি সুখ খুঁজি এক চিলতে লুকোনো হাসিতে, একফোঁটা চোখের জলে, সিজদায় অবনত হওয়ার আনন্দে, চিৎকার করে বলতে না পারার কষ্টে, 'ও আল্লহ তুমি আমার রব্ব, আমি তোমায় ভালোবাসি!'
নি:সঙ্গতা আমায় মলিন করে দিচ্ছিলো। তখন অসহায় এই আমি তাদের খুঁজে বেড়িয়েছি, তাদের হন্যে হয়ে খুঁজে বেড়িয়েছি যারা আল্লাহর রাহে নিবেদিত প্রাণ!
আলহামদুলিল্লাহ, এখন আমি তাদের পেয়েছি।
আমি ধন্য হয়েছি, আমি মুগ্ধ হয়েছি। নিজের ব্যর্থতার কথা ভেবে মুহুর্মুহু কেঁদেছি। তারা সফল হয়েছে, কিঞ্চিত কষ্টের দেয়াল টপকে সামনে এগিয়ে চলেছে। তারা আমায় অবাক করেছে। সত্যি আমি বিস্মিত হয়েছি, আপন পরাজয়ে মুষড়ে পড়েছি আর...
আর মনে মনে পণ করেছি,, আমি ছুঁয়ে দেব, ছুঁয়ে দেব তাদের দৌড়ে গিয়ে। তারা কষ্ট করেছে, ব্যথা সয়েছে। স্বজনের পিছুডাক শুনেও ঝাঁপিয়ে পড়েছে লড়াইয়ে।
সে লড়াই ঈমান রক্ষার লড়াই। তাদের কেউ কেউ জিতে গিয়ে হেসেছে বিজয়ের হাসি। সে হাসিতে কী যে আছে, হৃদয়কাড়া মায়া আছে। সে হাসি থাক অম্লান- নির্মল হৃদয় ছুঁয়ে।
কেউ কেউ আজো জেতার অপেক্ষায় লড়ে যাচ্ছে প্রাণপনে। সে লড়াইয়ে তৃপ্তি আছে, আছে ভালোবাসার ছোঁয়া। জিতে ফিরুক সবাই, মন অবিরাম চাইছে।
তারা ভালোবেসেছে, আপন স্বার্থকে বিলিয়ে দিয়েছে রব্বের খুশির তরে।
তারা আমায় চিনিয়েছে, আমার আমিকে চিনিয়েছে অন্য রকম করে। তাই আমি প্রেমে পড়েছি, গোপনে তাদের ভালোবেসেছি হৃদয় উজাড় করে। মালিকের কাছে চেয়েছি এক নীল জোছনার রাত।
সে রাতে তাদের সাথে পুকুর ঘাটে গল্পে মুখর হবো, রব্বের রহম ঝরবে সেথায়, মোরা আঁচল পেতে নেবো ইন শা আল্লহ।
আমি ভেতরে ভেতরে ভেঙ্গে চুরমার হচ্ছিলাম, বেদনার অশ্রুতে ভিজে একাকার হচ্ছিলাম। ঠিক তখনই আমার রব্ব আমাকে ভালোবেসে তাঁর রহমে সিক্ত করেছেন, বেদনার অশ্রুকে পরিণত করেছেন কৃতজ্ঞতার অশ্রুতে।
আলহামদুলিল্লাহ, এখন আমি স্বপ্ন বুনি, স্বপ্ন বুনি সোনালী জান্নাতের। চন্দ্রিমা রাতের সৌন্দর্য উপভোগ করি, ঝিকিমিকি তারাদের রূপে মুগ্ধ হই, আর ভেবে আনন্দিত হই, আপ্লুত হই যে এই নিপুণ সুন্দরের স্রষ্টার সৃষ্টি এই আমিও আলহামদুলিল্লাহ।
আমি ভাবনার কোনো কূল কিনারা পাচ্ছিলাম না, বুঝতে পারছিলাম না কেন এসেছি এই পৃথিবীতে। এলোমেলো হয়ে যাচ্ছিলো আমার জীবনটা। আমার রব্ব! আমার রব্বই আমাকে গুছিয়ে দিয়েছেন সব।
হেরার আলো ছড়িয়ে দিয়েছেন পরম আদরে। ভাবনারাও আজ বড্ড অনুগত রহমানের ইশারায়।
একটু তালবাহানা করলেই তিনি স্মরণে এনে দেন, 'এলোমেলো স্বপ্নগুলো, দুষ্টু-মিষ্টি কথাগুলো থাক না জমা হয়ে সেদিনের জন্য যেদিন থেকে আর কখনো রব্বের অসন্তোষের ভয় থাকবে না।'
আমি গোমরাহীর স্রোতে ভেসে যাচ্ছিলাম। যদি আমার আল্লহ আমাকে রক্ষা না করতেন, হিদায়াতের নৌকায় তুলে না নিতেন তবে আজ আমিও যে সবহারাদের দলে থাকতাম, একটু একটু করে ঢুকে যেতাম আগুনের গর্তে, লজ্জাহীনা হিসেবে গণ্য হতাম আমিও, প্রিয় রসূলুল্লাহর (সল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) লা'নত আমাকে স্পর্শ করে যেত। আমার রব্বই আমাকে বাঁচিয়েছেন, আমার অবাধ্য অন্তরে ভীতি দিয়েছেন, দু'চোখে এঁকে দিয়েছেন তাঁর মনোহর জান্নাতের স্বপ্ন।
আমি ভালোবাসা পেয়েছি, আমি ভালোবেসেছি। আজ সত্যি চিৎকার করে খুব বলতে ইচ্ছে করছে , " ও আমার রব্ব, আমি তোমায় ভালোবাসি!"
✒️ Sadia Islam
01/08/15.